সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য খাতের ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জবাবদিহির সংকটের চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে।
রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত ১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে দেখা গেছে, আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন; প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি কেন্দ্রে এ হার ৭০ শতাংশ ছাড়িয়েছে। এমনকি দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া ও নিয়োগ-বদলিতে রাজনৈতিক প্রভাবের কথাও উল্লেখ করা হয়েছে।
রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে চিকিৎসকদের ২০ থেকে ৫০ শতাংশ কমিশন নেওয়ার প্রবণতার কথাও তুলে ধরা হয়েছে গবেষণায়। বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ খাতে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার লেনদেন হতে পারে বলে ধারণা করা হলেও এ পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাইয়ের তাগিদ দিয়েছে সংস্থাটি। এ ছাড়া দালালের দৌরাত্ম্য, শয্যা ও ছাড়পত্রে অবৈধ অর্থ আদায়ের পাশাপাশি সিএমএসডির কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি, ২৮৩ কোটি টাকার সরঞ্জাম অব্যবহৃত থাকা এবং বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে সরঞ্জাম কেনার নজির মিলেছে।
নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহির ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিএইচডব্লিউ। প্রতিবেদনে বলা হয়, বিএমডিসির প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে যুক্ত এবং পর্যালোচনা করা ছয়টি সংস্থার কোনোটিতেই সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই। ২০১০ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বিএমডিসিতে জমা পড়া ১৭২টি অভিযোগের মধ্যে ৭৯টি ঝুলে আছে এবং মাত্র ২৯টিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজের সংখ্যা ৬২ থেকে বেড়ে ১১৮টি হলেও শিক্ষার মান নিয়ন্ত্রণে পর্যাপ্ত তদারকি গড়ে ওঠেনি।
অনুষ্ঠানে সম্পাদকের দায়িত্বে থাকা ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, স্বার্থের সংঘাত ও অনিয়মকে স্বাভাবিক ধরে নেওয়ার সংস্কৃতি দুর্নীতিকে উসকে দিচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু শাস্তি নয়, সামগ্রিক কাঠামোতে সংস্কার আনতে হবে। অনিয়ম ঠেকাতে কমিশন বাণিজ্য আইনত নিষিদ্ধ করা, আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা, কেনাকাটার তথ্য উন্মুক্ত করা, ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থা চালু এবং নিয়ন্ত্রক সংস্থায় মন্ত্রী-সচিব-এমপিদের প্রধান হওয়া বন্ধ করে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশ করেছে বিএইচডব্লিউ।