রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের ‘বিশাল সেন্টার’-এর সামনে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় গাড়িটির ভেতরে আসিফ আকবর বা অন্য কোনো যাত্রী ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে—সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির পেছনে তাঁর ব্যক্তিগত নাকি পেশাগত কোনো শত্রুতা জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার বিষয়ে জানতে আসিফ আকবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। আইনগত প্রক্রিয়ার পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও আলামত সংগ্রহের কাজ চলছে। ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান শেষে বিস্তারিত জানানো হবে।