ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩৩, ২৩ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

প্রধানমন্ত্রীর স্লোগানকে 'হাদিস' বলে চরম বিপাকে সচিব!



প্রধানমন্ত্রীর স্লোগানকে 'হাদিস' বলে চরম বিপাকে সচিব!

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করার জেরে অবশেষে পদ হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান।

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা এই কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়, যদিও সেখানে তাকে সরানোর কোনো প্রত্যক্ষ কারণ উল্লেখ করা হয়নি।

ঘটনার সূত্রপাত ঘটে গত ১ নভেম্বর, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে বক্তব্য দিতে গিয়ে সচিব মসিউর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটির প্রসঙ্গ তোলেন।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর এই স্লোগানটিকে তিনি হাদিস বললে হয়তো অনেকেই ভাববেন পোস্টিংয়ের জন্য তেল মারছেন, কিন্তু এটি একটি শাশ্বত বাণী। এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, হুজুররা এই কথা বললে এতদিনে হাদিস হয়ে যেত এবং একপর্যায়ে প্রধানমন্ত্রীর দাড়ি ও টুপি না থাকা নিয়েও মন্তব্য করেন।

কর্মকর্তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে। একটি রাজনৈতিক স্লোগান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিসত্ত্বাকে ধর্মীয় বিষয়ের সঙ্গে তুলনা করায় সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিতর্ক চূড়ান্ত রূপ নিলে শেষ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে প্রত্যাহার করে ন্যস্ত করার সিদ্ধান্ত আসে। একইসঙ্গে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।


   আরও সংবাদ