ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩, ৯ জ্বমাদিউল সানি ১৪৪৮

কারখানার নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান



কারখানার নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

কারখানার নিরাপত্তা, শৃঙ্খলা ও সম্পদ রক্ষায় কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা প্রশাসক ও নিরাপত্তা বিশ্লেষক মো. দ্বীপরাজ খান।

তিনি বলেছেন, কোনো ধরনের উসকানি, গুজব, ব্যক্তিগত স্বার্থ কিংবা অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

একটি কারখানা কেবল ইট-পাথরের স্থাপনা নয় উল্লেখ করে মো. দ্বীপরাজ খান বলেন, এটি মানুষের কর্মসংস্থান, জীবিকা ও সম্মানের প্রতীক। একই সঙ্গে প্রতিষ্ঠানের সম্পদ এবং হাজারো পরিবারের স্বপ্নের সঙ্গে জড়িত। তাই কারখানার প্রতিটি স্থাপনা, যন্ত্রপাতি, পণ্য ও অন্যান্য সম্পদ রক্ষার পাশাপাশি কর্মরত প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।

তিনি কারখানার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এগুলো হলো প্রতিরক্ষা, প্রতিরোধ, শৃঙ্খলা এবং ঐক্য ও দায়িত্ববোধ।

প্রতিরক্ষার বিষয়ে তিনি বলেন, কারখানার প্রতিটি স্থাপনা, যন্ত্রপাতি, পণ্য ও অন্যান্য সম্পদ রক্ষা করতে হবে। একই সঙ্গে কর্মরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রতিরোধের বিষয়ে তাঁর নির্দেশনা, যেকোনো ধরনের উসকানি, গুজব, সংঘবদ্ধ বিশৃঙ্খলা কিংবা নাশকতার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও নিরাপত্তা বিভাগকে জানাতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনসম্মত আচরণ বজায় রাখতে হবে। কারও কোনো অভিযোগ বা অসন্তোষ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে।

ঐক্য ও দায়িত্ববোধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের কেউ কারও প্রতিপক্ষ নন। সবাই একই প্রতিষ্ঠানের অংশ। প্রতিষ্ঠানের ক্ষতি মানে সবার ক্ষতি। তাই প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল থাকতে হবে।

মো. দ্বীপরাজ খান বলেন, ভাঙচুর কোনো সমস্যার সমাধান নয়। সহিংসতা কখনো অধিকার প্রতিষ্ঠার পথ হতে পারে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু ধ্বংসের মধ্য দিয়ে ইতিবাচক ভবিষ্যৎ গড়ে তোলা যায় না।

কারখানা প্রশাসক হিসেবে তিনি প্রত্যেক কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও নিরাপত্তাকর্মীর কাছ থেকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, সংযম ও দায়িত্বশীলতা প্রত্যাশা করেন। একই সঙ্গে কাউকে অযথা হয়রানি না করা এবং কারও ন্যায্য অধিকার ক্ষুণ্ন না করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

তবে এসবের পাশাপাশি কোনো ধরনের নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা সহিংসতাকে প্রশ্রয় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যেকোনো পরিস্থিতিতে মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সবার প্রতি পাঁচটি অঙ্গীকারের কথাও তুলে ধরেন এই কারখানা প্রশাসক। এগুলো হলো- কারখানা নিরাপদ রাখা, প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা করা, সহকর্মীদের পাশে থাকা, গুজব ও উসকানি প্রতিরোধ করা এবং শৃঙ্খলা, ঐক্য ও পেশাদারিত্ব বজায় রাখা।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে বছরের পর বছর পরিশ্রম করতে হয়। অথচ তা ধ্বংস করতে কয়েক মুহূর্তই যথেষ্ট। তাই কেউ যেন ধ্বংসের অংশ না হন। বরং সবাইকে সুরক্ষা, স্থিতিশীলতা ও উন্নয়নের শক্তি হিসেবে কাজ করতে হবে।

দেশের বৃহৎ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের এই কর্মকর্তা বলেন, ঐক্যই সবার শক্তি, শৃঙ্খলাই সুরক্ষা এবং দায়িত্ববোধই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ।

কারখানা প্রশাসনের অঙ্গীকার তুলে ধরে মো. দ্বীপরাজ খান বলেন, ‘আমরা সংঘাত চাই না, তবে বিশৃঙ্খলাকেও প্রশ্রয় দেব না। আমরা প্রতিশোধ চাই না; আমরা চাই নিরাপত্তা ও শৃঙ্খলা। মানুষের জীবন, প্রতিষ্ঠানের সম্পদ এবং কর্মসংস্থান রক্ষায় আমরা ঐক্যবদ্ধ, সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ।’


   আরও সংবাদ