ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩, ১৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

সাজেক সড়কে একদিনের জন্য অবরোধ শিথিল


⬇ Photo Card

সাজেক সড়কে একদিনের জন্য অবরোধ শিথিল

স্থানীয় বাসিন্দাদের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙামাটির সাজেক পর্যটন সড়কে একদিনের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করেছে আন্দোলনকারী দুটি সংগঠন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির প্রতিনিধি বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের নতুন জয় চাকমা জানান, “সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা ৯ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি আগামী রোববার (১ নভেম্বর) একদিনের জন্য শিথিল থাকবে। মূলত এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা ও প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে বিবৃতিতে স্পষ্ট করা হয়, রোববারের পরদিন থেকে যথারীতি আগের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ ছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব 'কঠিন চীবর দান' যেন তারা সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে বলেও জানানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে সরাসরি আন্দোলনকারী সংগঠনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, নানা দাবিতে গত ১১ অক্টোবর থেকে পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি শুরু করে এই দুই সংগঠন। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে দুই দিন কর্মসূচি স্থগিত রাখা হলেও দাবি আদায় না হওয়ায় ১৫ অক্টোবর থেকে পুনরায় অবরোধ পালন করা হয়। এরপর হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত ছিল। তবে দাবি পূরণ না হওয়ায় গত ২২ অক্টোবর থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।


   আরও সংবাদ