ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩, ১২ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

লিখে দেন ‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও



লিখে দেন ‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের এক রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়ার দৃশ্য ভিডিওতে উঠে আসার পর, নিজের এই আচরণের পক্ষে অদ্ভুত ও বিতর্কিত যুক্তি দিয়েছেন ওই কর্মকর্তা।

সম্প্রতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে যান। সেখানে উপস্থিত লোকজনের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের পক্ষে ভোট চান। সংসদ সদস্যের এই রাজনৈতিক বক্তব্যের পুরোটা সময় পাশে বসে থাকা পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানী সরদারকে একাধিকবার করতালি দিয়ে সমর্থন জানাতে দেখা যায়। সরকারি পদে আসীন একজন কর্মকর্তার রাজনৈতিক প্রচারণায় এমন প্রত্যক্ষ সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

বিতর্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মোবাইল ফোনে ইউএনও গোলাম রব্বানী সরদার গণমাধ্যমকে বলেন, "তাহলে লিখে দেন, এমপির সঙ্গে ইউএনও নির্বাচনি প্রচারণায়। আপনি শোনেন, এভাবে বলেন যে ইউএনও হচ্ছে 'নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ'।"

নিজের অবস্থানের অসংলগ্ন ব্যাখ্যা দিয়ে তিনি আরও দাবি করেন, যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তিনি সেই দলেরই অনুসারী। তিনি বলেন, "আমার দল আছে। আমার দল কী? সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।"

এমনকি সাংবাদিককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ও পুরো বিষয়টি রসিকতাচ্ছলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, "আপনারা ওই অংশটুকুই খালি ক্লিপে বের করেন আর লিখে দেন, যাতে করে আমি একটু ভাইরাল হই সারা দেশে। আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে?" 

তিনি আরও দাবি করেন, সংসদ সদস্যের নির্দেশনার বাইরে কাজ করার সুযোগ তার বা তার প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেই এবং পরিষদ পরিচালনার ক্ষেত্রে সব কাজ এমপির পরামর্শেই করতে হয়।


   আরও সংবাদ