আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগেই জাতীয় দলের কোচিং প্যানেলে বড় ধরনের রদবদল আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যর্থতার দায় নিয়ে শেষ পর্যন্ত ব্যাটিং কোচের পদ হারাতে হলো সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তার স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন অভিজ্ঞ মোহাম্মদ সালাউদ্দিন।
শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোচিং প্যানেলে এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আশরাফুলের সঙ্গে বিসিবির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। চুক্তি বহাল থাকায় জাতীয় দল থেকে সরিয়ে তাকে বোর্ডের অন্য কোনো বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হবে।
মূলত সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের ব্যাটারদের টানা ব্যর্থতা ও দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সের কারণেই বেশ কিছুদিন ধরে তোপের মুখে ছিলেন আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে শেষ পর্যন্ত তাঁর বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিল ক্রিকেট পরিচালনা বিভাগ।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথমে কেবল একটি সিরিজের জন্য আপতকালীন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। পরবর্তীতে ব্যাটারদের ভালো পারফরম্যান্সের কারণে তাঁর মেয়াদ বাড়িয়ে দীর্ঘমেয়াদে চুক্তি করেছিল বিসিবি।