ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩৩, ২৬ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই ও শেখ মুজিবকে ‘জাতির পিতা' সম্বোধনে হট্টগোল



ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই ও শেখ মুজিবকে ‘জাতির পিতা' সম্বোধনে হট্টগোল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় নানা অনিয়ম ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ১০টায় নির্ধারিত এই সভা শুরুর ঠিক আগে মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। ব্যানারটিতে ছবি না থাকায় প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী মঞ্চে উঠতে অস্বীকৃতি জানান, যার ফলে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ব্যানার নামিয়ে আলাদা একটি ছবি স্কচটেপ দিয়ে সাঁটিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

ব্যানার সংক্রান্ত জটিলতা কাটলেও অনুষ্ঠান চলাকালে মঞ্চে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জিয়া পরিষদের এক নেতা তাঁর বক্তৃতায় শেখ মুজিবুর রহমানকে একাধিকবার ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রদলের নেতাকর্মীরা। ডায়াসের দিকে এগিয়ে গিয়ে প্রতিবাদ জানানোর একপর্যায়ে ওই বক্তাকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক আল-মামুন মিয়া ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে ব্যানার তৈরির ভুল স্বীকার করেন এবং অনুষ্ঠানে সবার সামনে ক্ষমা প্রার্থনা করেন। তবে ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পুরো বিষয়টি ইচ্ছাকৃত কি না, তা খতিয়ে দেখে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দীর্ঘ ১৯ বছর পর এই দিবস পালনের সময় এমন ভুলকে প্রশাসনের ভেতরের চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয় বিএনপি নেতারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপির আহ্বায়কের বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


   আরও সংবাদ