ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩৩, ২৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন, ‌'জরুরি অবস্থার’ মুখোমুখি ইসরাইল



নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন, ‌'জরুরি অবস্থার’ মুখোমুখি ইসরাইল

পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরাইলে নতুন সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে ‘ইয়াশার’ পার্টির নেতা গাদি আইজেনকোটকে দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। রোববার পশ্চিম জেরুসালেমে প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে আইজেনকোট এ সংক্রান্ত আনুষ্ঠানিক ম্যান্ডেট গ্রহণ করেন।

ইসরাইলি আইন অনুযায়ী, নতুন শাসন জোট বা সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে ২৮ দিন সময় থাকবে; প্রয়োজনে এ সময়সীমা সর্বোচ্চ ১৪ দিন বাড়ানো যেতে পারে। নেসেটের (পার্লামেন্ট) দলগুলোর সাথে প্রেসিডেন্ট হারজোগের পরামর্শ সভায় ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে সমর্থন জানান, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন করেন ৪৬ জন।

ম্যান্ডেট গ্রহণের পর সাবেক সেনাপ্রধান আইজেনকোট জানান, ইসরাইল বর্তমানে এক ‘গুরুতর জাতীয় জরুরি অবস্থার’ মুখোমুখি। তিনি দেশের রাজনৈতিক-কূটনৈতিক সংকট মেটাতে এবং একতা ফিরিয়ে আনতে একটি ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সরকারে যোগ দেওয়ার জন্য নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টিসহ অন্যান্য দলকে সমঝোতা ও পারস্পরিক ছাড়ের আহ্বান জানান। তবে উগ্রপন্থী নেতা ইতামার বেন-গভীরের দলকে আমন্ত্রণ করা থেকে বিরত থাকেন। আইজেনকোটের নিজস্ব ব্লকের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠনে নেসেটের অন্যান্য দল ও আরব জোটগুলোর বাহ্যিক সমর্থনের ওপরও জোর দিচ্ছেন তিনি। নির্ধারিত সময়ে সরকার গঠনে ব্যর্থ হলে সংবিধান অনুযায়ী অন্য কোনো সদস্যকে এ সুযোগ দেবেন প্রেসিডেন্ট।

সূত্র : আনাদুলু অ্যাজেন্সি


   আরও সংবাদ