আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্রের তথ্যমতে, রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থা কাটাতে সারা দেশে গোপন হামলা ও নাশকতার ছক এঁকেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। এই পরিকল্পনা বাস্তবায়নে দলটির বিশেষ প্রশিক্ষিত কিছু ‘গেরিলা সদস্যকে’ মাঠে নামানো হয়েছে। তবে পুলিশ ও গোয়েন্দাদের সমন্বিত অভিযানে ইতিমধ্যে এসব সদস্য, পলাতক শীর্ষ নেতা এবং অর্থের জোগানদাতাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, সাধারণ শ্রমিক, হকার বা পথচারীর ছদ্মবেশে ২ থেকে ৩ জনের ছোট দল ‘হিট অ্যান্ড রান’ কৌশলে রাজধানীর ফার্মগেট, টিএসসি, মালিবাগসহ বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করছে। দেশি-বিদেশি কিছু ব্যবসায়ী গ্রুপ ও পলাতক নেতাদের অর্থায়নে এবং এনক্রিপ্টেড চ্যাট অ্যাপ ব্যবহার করে এই নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। পুলিশের সাইবার ইউনিটের বিশেষ প্রযুক্তিতে ইতিমধ্যে অনেকের ভার্চুয়াল আইডি ও ব্যাংক লেনদেনের তথ্য ট্র্যাক করা সম্ভব হয়েছে।
সরকারের উচ্চপর্যায়ে জমা দেওয়া এক গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, দেশের অর্থনীতি ও জনজীবন অচল করে সরকারকে চাপে ফেলতেই তিন স্তরের এই মাস্টার প্ল্যান সাজানো হয়েছে। প্রথম স্তরে বর্তমানে সক্রিয় টিমটি ফাঁকা গাড়িতে আগুন ও ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। দ্বিতীয় স্তরে ১৫ নভেম্বর থেকে মাঠে নামার কথা থাকা টিমটির লক্ষ্য যাত্রীবাহী বাস ও জনবহুল স্থানে বড় ধরনের নাশকতা চালানো। আর চূড়ান্ত ধাপে 'মাস্টার টিম' দেশি-বিদেশি চক্রের সহায়তায় কেপিআইভুক্ত প্রতিষ্ঠান ও বড় কলকারখানায় হামলার ছক এঁকেছে। ভারতে পলাতক বাংলাদেশের সাবেক এক শীর্ষ কর্মকর্তা এই পরিকল্পনায় মূল ভূমিকা রাখছেন বলে ওই সূত্র জানিয়েছে।
এদিকে পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে ‘দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ’ নীতিতে নাশকতাকারীদের গোপনে সহায়তার অভিযোগ উঠেছে। এমন দ্বিচারিতায় জড়িত সদস্যদের আলাদা তালিকা করে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারা দেশে নিরাপত্তা জোরদারে ড্রোন নজরদারি, অতিরিক্ত চেকপোস্ট এবং কেপিআই স্থাপনা ও মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আহসান হাবীব পলাশ যুগান্তরকে জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং তালিকাভুক্ত সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।