পাবনা-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। এদিন তিন দিনের যাত্রার টিকিট পাওয়া যাবে।
পাবনা থেকে ঢাকার টিকিটের দাম ধরা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে সহজের চার্জ হিসেবে আরও ২০ টাকা যোগ হবে। সব মিলিয়ে টিকিটের দাম দাঁড়ায় ৪৪৫ টাকা।
বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যথারীতি যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হবে। এদিন বিকেল সাড়ে ৪টায় পাবনা থেকে পাবনা উদ্বোধনী এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে অফলাইনে (কম্পিউটারাইজড টিকেট) সংগ্রহ করতে হবে। এদিন ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরদিন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছেড়ে যাবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলে (২০ নভেম্বর থেকে) ট্রেনটি মধ্যবর্তী ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মসনুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।