ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩৩, ১ জ্বমাদিউল সানি ১৪৪৮

ডিসেম্বরের আগেই বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার কর্মী



ডিসেম্বরের আগেই বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার কর্মী

সব প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ। মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে ডিএইচএলের জন্য ১১২ জন পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই শুরু হয়েছে। ইতিমধ্যে ৫৬৮টি ডিমান্ড লেটার হাতে পেয়েছে বোয়েসেল।

গত ২ নভেম্বর ডিএইচএলের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ে জমা পড়া ৪ হাজার ২৯টি আবেদন থেকে ৮ নভেম্বর সফটওয়্যার লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

মালয়েশিয়া থেকে আসা নয় সদস্যের একটি প্রতিনিধি দল ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই ৩০০ জনের সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে। সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এই প্রক্রিয়ায় বোয়েসেলের কোনো হস্তক্ষেপ নেই।

রাশেদুল হক স্পষ্ট জানান, কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল কোনো সার্ভিস চার্জ বা অভিবাসন ব্যয় নেবে না। তাঁর ভাষায়, "শূন্য মানে শূন্য।"

নিয়োগের কোনো পর্যায়ে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। কেউ অনৈতিক লেনদেনে জড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বোয়েসেল জানায়, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও দক্ষ কর্মী বিদেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।


   আরও সংবাদ