ঢাকার আদালত প্রাঙ্গণের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এর আগে একই দিন ভোর ৬টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে কোতোয়ালি থানা-পুলিশ। পরবর্তীতে দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুফল কুমার রায়।
আবেদনে উল্লেখ করা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই ও মামলার তদন্ত অব্যাহত থাকায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। তদন্তের স্বার্থে প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১০ নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতে হাজিরা দিতে আসার পর হাজতখানায় নেওয়ার সময় কৌশলে হাতকড়ার গ্রিল খুলে পালিয়ে যান কাউসার। এ ঘটনায় কোতোয়ালি থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা দায়ের করেন মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।