জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে ঘটা অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।
এদিন সংসদে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি উল্লেখ করেন, ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল না যাওয়ার আগেই স্থানীয় থানার ওসির পেট্রোল বোমা হামলার অভিযোগ উড়িয়ে দেওয়া কতটা যৌক্তিক? সংসদ সদস্যের বাড়িতে এমন হামলার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি নুসরাতের একতলা টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভয়াবহ এই আগুনে বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যাওয়ার পাশাপাশি দুটি ছাগলও মারা গেছে।
ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা নিয়ে মন্ত্রী আরও বলেন, এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা—তা গভীরভাবে খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি কাজ করছে।