ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩, ৩ জ্বমাদিউল সানি ১৪৪৮

এক্সপ্রেসওয়েতে তরুণ-তরুণী, গাড়ির ধাক্কায় নিহত



এক্সপ্রেসওয়েতে তরুণ-তরুণী, গাড়ির ধাক্কায় নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. রাফি (২০) ও জান্নাতুল মাওয়া (১৯)। তাদের বাড়ি রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে মোটরসাইকেলের দুই আরোহীর মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিস ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কয়েকটি মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে মাওয়ার দিকে যাচ্ছিলেন রাফি ও জান্নাতুল। ওই দুজনকে বহনকারী মোটরসাইকেলটি শ্রীনগরের সমষপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতপরিচয় একটি গাড়ি ধাক্কা দেয়। এতে রাফি ও জান্নাতুল সড়কে ছিটকে পড়েন। পরে তাঁদের ওপর দিয়ে চলে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই উভয়ের মৃত্যু হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মোটরসাইকেলকে যে গাড়ি ধাক্কা দিয়েছে, সেটির খোঁজও নেওয়া হচ্ছে। নিহত তরুণ-তরুণীর মধ্যে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।


   আরও সংবাদ