ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩, ৩ জ্বমাদিউল সানি ১৪৪৮

ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বিএনপি কার্যালয় ভাঙচুর



ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বিএনপি কার্যালয় ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে পৌর শহরের সড়কবাজার এলাকায় সংঘটিত এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করে আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী। শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত পদবঞ্চিত নেতাকর্মীরা ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল নিয়ে আসেন।

স্থানীয়দের ভাষ্যমতে, মুখোমুখি অবস্থানের সময় আনন্দ মিছিল থেকে উসকানিমূলক আচরণ করা হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। এ সময় সড়কের পাশের কয়েকটি দোকানপাটসহ উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়টি উপজেলা বিএনপির পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


   আরও সংবাদ