২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, ঝুঁকি না থাকলেও ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য মোতায়েন থাকবে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। দিবসটির জন্য ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনাও। নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশিবাজার ক্রসিংসহ সাত জায়গায় থাকবে ডাইভারশন। তিন স্থানে থাকবে পার্কিং।
পরে শহিদ মিনার পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনার এলাকা ৬৪টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে। কাজ করছে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। শহীদ মিনারের চারপাশে র্যাব, পুলিশের কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।