মিসরের উত্তরপূর্বাঞ্চলীয় বন্দরনগরী পোর্ট সৈয়দে ট্রাক এবং যাত্রীবাহী পিক-আপ এর সংঘর্ষে নিহত হয়েছেন ১৮ জন, আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে শহরের থার্টি জুন এক্সিস হাইওয়েতে ঘটেছে এ দুর্ঘটনা।
নিহত এবং আহতদের সবাই মৎসজীবী। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পোর্ট সৈয়দের আদালতের সরকারি আইনজীবীর দপ্তর থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, দুই কার্গো ট্রাকের মাঝে পড়ে গিয়েছিল সেই পিক-আপটি। সংঘর্ষের পর সেই পিকআপটি ভেঙেচুরে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলে সড়কের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই পিকআপটির ধ্বংসাবশেষ।