গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। সেই সঙ্গে পাকিস্তানের অন্তত ৪০ সীমান্ত সেনা চৌকি দখল করে নিয়েছে বলে দাবি করেছে আফগান সেনারা।
বৃহস্পতিবার রাতে চালানো এ হামলার পর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করেছে৷ দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর আমাদের সেনারা পাকিস্তানি সেনাদের ব্যাপ ক্ষয়ক্ষতি করেছে৷ তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান।
দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে এই পালটা হামলা শুরু হয়েছে। এ সময় সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় বলেও উল্লেখ করে তারা।
অপরদিকে পাকিস্তান দাবি করেছে তারা আফগানিস্তানের বিপুল সেনাকে হত্যা করেছে। এছাড়া অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে।