মেহেরাব ইমরান আকিব, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মোবাইল, মানিব্যাগ ও আংশিক নগদ টাকা।
থানার ওসি জানান, গত ২ মার্চ ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাচ এলাকায় রয়েল সাকারা ক্যাফের দক্ষিণ পাশে এক খামারির সঙ্গে দেখা করতে যান ইমাম হোসেন ইয়াকুব (১৯)। খামার বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তার পথরোধ করে পাশের সরিষা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে হত্যার হুমকি দিয়ে তার ব্যবহৃত Infinix Hot 14i মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে জিআর-৪৫/২৬ (রায়পুর) মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াছিন আরাফাত (১৯), মো. সোহাগ (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে উপজেলা রোডের মেঘনা হাসপাতালের বিপরীতে একটি পরিত্যক্ত কাঠমিস্ত্রির দোকান থেকে লুট হওয়া মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।