ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ মাঘ ১৪৩৩, ২৭ রবিউল সানি ১৪৪৮

পানামায় প্রলয়ংকরী ভূমিকম্প, কাঁপল রাজধানী



পানামায় প্রলয়ংকরী ভূমিকম্প, কাঁপল রাজধানী

পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আঘাত হানার পর দেশটির বিভিন্ন এলাকার বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মূল ভূমিকম্পের পর এক ডজনের বেশি পরাঘাত অনুভূত হওয়ায় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৮ মাইল গভীরে। এই প্রলয়ংকরী দুর্যোগের কারণে আঞ্চলিক বিমান যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়া রাজধানী পানামা সিটিতে সড়কে দীর্ঘ জট তৈরি এবং মেট্রো রেল পরিষেবা বন্ধ রাখা হয়। নিরাপত্তার স্বার্থে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগেভাগে ছুটি ঘোষণা করায় ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসতে দেখা যায়।

পানামার ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্টর লুক জানিয়েছেন, আজুয়েরো-সোনা ফল্ট সিস্টেমের সক্রিয়তার কারণে প্রায় ৪০ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত পানামা সিটিতে ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পেনোনোমে শহরে একটি গির্জা ও আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি নেই। পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। একই সঙ্গে তিনি দেশবাসীকে আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন।


   আরও সংবাদ