ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩, ১১ জ্বমাদিউল সানি ১৪৪৮

চাঁদের মাটিতে আলু চাষে বড় অগ্রগতি



চাঁদের মাটিতে আলু চাষে বড় অগ্রগতি

পৃথিবী থেকে প্রায় চার লাখ কিলোমিটার দূরে চাঁদের বুকে মানুষের বসতি গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে নতুন সাফল্য পেয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। চাঁদের মাটির অনুকরণে তৈরি বিশেষ মিশ্রণে সফলভাবে আলু ফলিয়েছেন তারা। ভবিষ্যতে চাঁদে বসবাসকারী নভোচারীদের খাবারের চাহিদা পূরণে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন গবেষকরা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় গবেষণাটি পরিচালনা করেছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

চাঁদের উপরিভাগ মূলত পাথরের গুঁড়া ও ধুলাবালিতে ঢাকা। বিজ্ঞানীরা একে ‘লুনার রেগোলিথ’ বলে থাকেন। এতে উদ্ভিদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় জৈব উপাদান ও নাইট্রোজেনের অভাব রয়েছে। পাশাপাশি ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতিও ফসল উৎপাদনের ক্ষেত্রে বড় বাধা।

এই সমস্যা সমাধানে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন ‘ভার্মিকম্পোস্ট’। কেঁচোর মাধ্যমে জৈব বর্জ্য পচিয়ে তৈরি করা হয় পুষ্টিসমৃদ্ধ এই সার।

গবেষণায় দেখা গেছে, শুধু চাঁদের মাটির অনুরূপ উপাদানে আলুর শিকড় ও কন্দ প্রায় তৈরি হয়নি। তবে ওই মিশ্রণে মাত্র ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট যোগ করার পর কিছু শিকড় ও আলু জন্মাতে শুরু করে। আর ভার্মিকম্পোস্টের পরিমাণ ৩০ শতাংশে উন্নীত করার পর পৃথিবীর মাটিতে উৎপাদিত আলুর সমপরিমাণ ফলন পাওয়া যায়।

গবেষণায় দ্রুত পরিপক্ব হওয়া ‘মোডক’ জাতের আলু ব্যবহার করা হয়েছে। এই আলুর খোসা লাল এবং ভেতরের অংশ সাদা। গবেষণায় উৎপাদিত আলুর পুষ্টিগুণও অটুট ছিল। তবে বিজ্ঞানীরা এখনো এসব আলুর স্বাদ পরীক্ষা করে দেখেননি।

গবেষকদের মতে, এই সাফল্য শুধু চাঁদে খাদ্য উৎপাদনের সম্ভাবনাই তৈরি করেনি, পৃথিবীর কৃষির জন্যও নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে অনুর্বর ও দূষিত মাটিকে চাষের উপযোগী করার প্রযুক্তি উদ্ভাবনে গবেষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে গবেষণাটি এখন পর্যন্ত চাঁদের প্রকৃত মাটিতে নয়, বরং চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানে পরিচালিত হয়েছে।


   আরও সংবাদ