ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩, ১০ জ্বমাদিউল সানি ১৪৪৮

ড. ইউনূসের বাড়িতে হামলার নিন্দা এনসিপির



ড. ইউনূসের বাড়িতে হামলার নিন্দা এনসিপির

শান্তিতে নোবেলজয়ী এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। হামলার ঘটনাটিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসবাদী তৎপরতার অংশ হিসেবে উল্লেখ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এনসিপি।

এতে বলা হয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগের দেশব্যাপী চলমান ধারাবাহিক সন্ত্রাসবাদী কার্যক্রমেরই স্পষ্ট অংশ। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে চলমান নাশকতা, অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার ধারাবাহিকতায় এবার সরাসরি অধ্যাপক ইউনূসের বাসভবনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একটি চিহ্নিত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।

সরকারের প্রতি জোরাল আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের সব নাগরিকের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব প্রকার গোপন ও প্রকাশ্য নাশকতামূলক তৎপরতা কঠোর হস্তে দমন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের শান্তিপ্রিয় ও মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে এ সন্ত্রাসবাদ ও নৈরাজ্য প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে এনসিপি। বাংলাদেশের মুক্তিকামী জনগণ যে কোনো মূল্যে দেশবিরোধী এই অপতৎপরতা ও সন্ত্রাসবাদী কার্যক্রম রুখে দেবে।


   আরও সংবাদ