ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩, ১৪ জ্বমাদিউল সানি ১৪৪৮

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, দুই মহাসড়কে দীর্ঘ যানজট



গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, দুই মহাসড়কে দীর্ঘ যানজট

টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শ্রমিক আন্দোলনের কারণে ২০টি কারখানা ছুটি হয়ে গেছে। বন্ধ রয়েছে ৩১টি কারখানা।

বুধবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার পর থেকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন তারা। এতে পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

একপর্যায়ে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় মহাসড়ক বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ছিল।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট লেগে গেছে। স্বল্প দূরত্বের যানবাহন ছোট ছোট শাখা সড়কে প্রবেশ করে যানজট তৈরি করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, “মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা হচ্ছে। যানবাহন ধীরগতিতে চলছে। আমরা সমস্যা সমাধান করে মহাসড়কগুলো সচল রাখার চেষ্টা করছি।”

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “শ্রমিক আন্দোলনের কারণে আজ এলাকায় ২০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ৩১টি গার্মেন্টস বন্ধ হয়েছে।”


   আরও সংবাদ