ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩৩, ২১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

পানির ন্যায্য হিস্যা না দিলে ভারতে পণ্য ও ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি!



পানির ন্যায্য হিস্যা না দিলে ভারতে পণ্য ও ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি!

বাংলাদেশের নদ-নদীতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতকে কোনো ধরনের ট্রানজিট বা করিডোর সুবিধা দেওয়া হবে না। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে এসব কথা বলেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নদীতে পানি না এলে বাংলাদেশে ভারতীয় পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না এবং দেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারও বন্ধ করতে হবে। 

সম্মেলনে নাহিদ ইসলাম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে সরকারের আলোচনার বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মতামত দিয়েছেন। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জনগণের এই রায় বাস্তবায়ন করতে হবে। সরকারের গঠিত কোনো সাব-কমিটিতে বিরোধী দল অংশ নেবে না উল্লেখ করে তিনি সতর্ক করেন, সংস্কার প্রশ্নে টালবাহানা করলে সরকারকে অতীতের মতো চরম পরিণতি ভোগ করতে হবে।

সরকারের কার্যক্রমের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার আট মাসে তরুণদের কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হয়নি। উপরন্তু, পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগে চাপ দিয়ে সেখানে পুনরায় দলীয়করণের চেষ্টা চালানো হচ্ছে, যা জুলাই আন্দোলনের মূল চেতনার পরিপন্থী।

তিনি পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরির দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আন্দোলন দমনে পুলিশি শক্তি ব্যবহার না করার দাবি জানান। সেই সাথে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানির মূল্যবৃদ্ধির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এছাড়া ওসমান হাদী হত্যাসহ জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত সব বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন তিনি।


   আরও সংবাদ