ঢাকা, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩৩, ২০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

গাজীপুরের আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, পেজ সূত্রে উঠে এলো তথ্য



গাজীপুরের আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, পেজ সূত্রে উঠে এলো তথ্য

গাজীপুরে চলমান পোশাকশ্রমিক আন্দোলনের নেপথ্যে বহিরাগতদের উসকানির স্পষ্ট তথ্য মিলছে, যেখানে আন্দোলনের নেতৃত্বে দেখা গেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় নেতাকে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক যুবককে আন্দোলনের নেতৃত্ব দিতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে, তার ফেসবুক পেজ সূত্রে নিশ্চিত হওয়া যায় তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।

এর আগে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গত কয়েক দিন ধরে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের প্রতিশ্রুতির অংশ হিসেবে শ্রম মন্ত্রণালয় ইতোমধ্যে ৬ সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে।

তবে সরকার গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্ত সত্ত্বেও গাজীপুরসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অভিযোগ করছেন, একটি কায়েমি স্বার্থান্বেষী চক্র সাধারণ পোশাকশ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম জানিয়েছেন, সাজবুলের মতো একাধিক বহিরাগত ব্যক্তি শ্রমিক আন্দোলনে যুক্ত হয়ে অরাজকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে।

তিনি আরও জানান, মজুরি বোর্ড গঠনের বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ার পরও রাজপথ দখল করে জনভোগান্তি তৈরি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো যৌক্তিকতা নেই। পুলিশ বর্তমানে সর্বোচ্চ ধৈর্য ধরে ও শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


   আরও সংবাদ