কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
গ্যাস সরবরাহ হ্রাসের ফলে এ সময় সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও এই টার্মিনালে অনুরূপ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হয়েছিল।
জরুরি এই রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য দেশের সব সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।