বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছে শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির ইমেল ও ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত অনেক সেবা কার্যত অচল হয়ে পড়েছে। ইন্টারনেট সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ এবং রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাইক্রোসফট ব্যবহারে সমস্যার কথা জানানো হয়েছে। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকালে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী আউটলুকে প্রবেশ করতে পারেননি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সেবা স্বাভাবিক করতে আক্রান্ত সার্ভারগুলো চালুর চেষ্টা চলছে। এই বিভ্রাটের কারণে আউটলুক, টিমস্, শেয়ারপয়েন্ট, কোপাইলট ৩৬৫ এবং ডিফেন্ডারসহ অনেক গুরুত্বপূর্ণ সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিজিটাল সেবা অচল হওয়ায় বাস্তব জীবনেও এর বড় প্রভাব পড়েছে। ইমেল আদান-প্রদান, অনলাইন ক্লাস এবং বিভিন্ন সরকারি সেবাকেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। চলতি বছরের শুরুর দিকেও মাইক্রোসফটের সেবায় এ ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল।