ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ পৌষ ১৪৩৩, ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

গাজায় ইসরায়েলি হামলা ‌‘রাষ্ট্রীয় সন্ত্রাস’, আনোয়ার ইব্রাহিমের তীব্র নিন্দা



গাজায় ইসরায়েলি হামলা ‌‘রাষ্ট্রীয় সন্ত্রাস’, আনোয়ার ইব্রাহিমের তীব্র নিন্দা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলাকে ‌‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারটি নেন এনডিটিভির বিষ্ণু সোম। বিশেষ এই সাক্ষাৎকারে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা জানান, আনোয়ার ইব্রাহিম।

ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে অবস্থানরত আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনে ইসরায়েলের ‘উপনিবেশ স্থাপন’ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হামাসের বয়স মাত্র ২০ বছর, কিন্তু ফিলিস্তিনে উপনিবেশ স্থাপনের ইতিহাস ৭০ বছরের পুরোনো। মালয়েশিয়া ও ভারত; দুই দেশই ঔপনিবেশিক শাসনের সঙ্গে পরিচিত। তাই ফিলিস্তিনে ইসরায়েলের উপনিবেশ স্থাপন আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না।

মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘গাজায় অনবরত বোমা হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার এই ঘটনা অত্যন্ত নৃশংস। গাজায় ইসরায়েলের এই পদক্ষেপ মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাস।’’

পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদদাতা বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, আমি এত দূর যাব না। আমি জানি ভারতে এ কথা বলা কতটা সংবেদনশীল বিষয়। আমি মোদির যেমন ঘনিষ্ঠ বন্ধু, তেমনি পাকিস্তানিদের সঙ্গেও আমাদের সম্পর্ক রয়েছে।

ভারতকে সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও মহান সভ্যতার দেশ হিসেবে প্রশংসা করে আনোয়ার ইব্রাহিম বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার সব সমস্যার অচিরেই সমাধান হবে।

সূত্র: এনডিটিভি।


   আরও সংবাদ