ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩, ১১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

ট্যাংকার থেকে তেল বিপর্যয়: সব সৈকত বন্ধ করল ইউএই



ট্যাংকার থেকে তেল বিপর্যয়: সব সৈকত বন্ধ করল ইউএই

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উম্ম আল কুওয়াইন উপকূলে একটি ট্যাংকার থেকে সমুদ্রে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে। পরিবেশগত ঝুঁকি এড়াতে ও সামুদ্রিক অঞ্চল সুরক্ষিত রাখতে দেশটির সব সমুদ্রসৈকত এবং উপকূলীয় এলাকায় সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৩ অক্টোবর) ইউএই-এর জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের দূরবর্তী পর্যবেক্ষণ (রিমোট মনিটরিং) ব্যবস্থার মাধ্যমে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি প্রথম শনাক্ত করা হয়। এর প্রভাবে শারজাহ, আজমান ও উম্ম আল কুওয়াইনের বিভিন্ন এলাকায় বাতাসের সঙ্গে তীব্র ও অস্বাভাবিক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে এই দুর্গন্ধের কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে মন্ত্রণালয়।

ঘটনাটি শনাক্তের পরপরই স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের সমন্বয়ে বিশেষায়িত দল উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে। তেল ছড়িয়ে পড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ইতোমধ্যে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় আরও জানায়, উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় প্রযুক্তিগত মূল্যায়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই সাময়িক নিষেধাজ্ঞা বহাল থাকবে।


   আরও সংবাদ