বাসস: বাগেরহাটের মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত শক্তিশালী জ্বালানি অবকাঠামো গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি মোংলাকে কেন্দ্র করে বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামো খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ দিন বাংলাদেশ সরকারের ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের এক চীনা প্রতিনিধি দল অংশ নেয়।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী দিনটিকে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের বলে মন্তব্য করেন। দুই দেশের যৌথ উদ্যোগে শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগে সহায়তার জন্যও চীনা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।