রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব সরঞ্জাম আগামী ১ ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহার নগরীতে শব্দদূষণ বাড়ানোর পাশাপাশি স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছে।
এ ছাড়া এসব সরঞ্জাম থেকে সৃষ্ট বিকট শব্দের কারণে নগরবাসীকে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থে যানবাহনের মালিক ও চালকদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ গাড়ি থেকে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট অপসারণের নির্দেশ দিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে কিংবা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।