ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩৩, ২৪ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

কেনো এনসিপি ছাড়লেন সামন্তা শারমিন?



কেনো এনসিপি ছাড়লেন সামন্তা শারমিন?

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দলটির বর্তমান রাজনৈতিক গতিপথ, কৌশল এবং আদর্শের সাথে নিজের রাজনৈতিক দর্শনের মিল না থাকায় তিনি এনসিপির সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক বিস্তারিত বিবৃতির মাধ্যমে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন এবং দলের ভেতরের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতির কথা জনসমক্ষে তুলে ধরেন।

সামান্তা শারমিনের পদত্যাগের মূল কারণগুলোর মধ্যে অন্যতম ছিল জামায়াতে ইসলামীর সাথে জোট বা আসন সমঝোতার বিষয়টির তীব্র বিরোধিতা। তিনি মনে করেন, এনসিপির বর্তমান মিত্র নির্বাচন এবং রাজনৈতিক পথচলা দলটির শুরুর আদর্শের সাথে সাংঘর্ষিক। পাশাপাশি, দলটির নীতি ও ভুল কৌশল সংশোধনের ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের কোনো ধরনের সদিচ্ছা বা আগ্রহ নেই বলেও তিনি কঠোর অভিযোগ তোলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের অগ্রণী ও সাহসী ভূমিকা থাকলেও বিজয়ের পর রাজনীতিতে নারী নেতৃত্বের সঠিক মূল্যায়ন না হওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সামান্তা শারমিন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সমান মর্যাদার ক্ষেত্রে নারী নেতৃত্বকে উপযুক্ত স্থান না দেওয়াকে তিনি দলের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে দেখছেন। এছাড়া, দলের ভেতরের গণতান্ত্রিক চর্চার ঘাটতি এবং কাঠামোগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অস্বচ্ছতার কথাও তার বিবৃতিতে উঠে এসেছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, গত অক্টোবরে ঘোষিত দলটির নতুন কমিটিতে তার পদাবনতি ঘটেছিল, যা এই সিদ্ধান্ত গ্রহণে প্ররোচনা জুগিয়েছে। সবমিলিয়ে, অভ্যন্তরীণ গণতন্ত্র ও আদর্শিক অবস্থানের সাথে আপস করতে না পেরে এনসিপির সাথে দীর্ঘ পথচলার ইতি টানলেন এই নারী নেতা।


   আরও সংবাদ