ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৮

এককভাবে নয়, ১১ দল নিয়েই ইসি ও জাতীয় সংলাপে অংশ নেবে জামায়াত



এককভাবে নয়, ১১ দল নিয়েই ইসি ও জাতীয় সংলাপে অংশ নেবে জামায়াত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠেয় জাতীয় সংলাপে আলাদাভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংলাপকে আরও অর্থবহ করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ব্যানারে সমমনা দলগুলোর সাথে একযোগে এতে অংশ নেবে দলটি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, দলের পক্ষ থেকে ইতোমধ্যে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। জামায়াত আলাদা, আরেকটি দল আলাদা—এভাবে না হয়ে আমরা যে ১১ দলীয় ঐক্য আছি, আমরা একসঙ্গে সংলাপ করার জন্য নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে জানিয়েছি। আনুষ্ঠানিকভাবেও আমরা বিষয়টি জানাব।

এ নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠকে আলোচনার বিষয়ে জানিয়ে তিনি বলেন, আজকের বৈঠকে একসঙ্গে সংলাপের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ১১ দলের পক্ষ থেকে একটি আবেদন করব, যাতে নির্বাচন কমিশন আলাদা একটি সময় ১১ দলের জন্য বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করে। এ ব্যাপারে বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে।

হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় সংলাপের বিষয়েও বৈঠকে একই বক্তব্য এসেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসবে ১১ দল। এ বিষয়েও একসঙ্গে ১১ দল জাতীয় সংলাপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।


   আরও সংবাদ