ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩৩, ২১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

ইসলামী ইন্স্যুরেন্সে পর্যবেক্ষক নিয়োগ


⬇ Photo Card

 ইসলামী ইন্স্যুরেন্সে পর্যবেক্ষক নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিচালনা পর্ষদে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সুশাসন লঙ্ঘনের অভিযোগের মধ্যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মনিরা বেগমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। গত বুধবার আইডিআরএএর উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বীমা আইন, ২০১০-এর ৫১(গ) ধারা অনুযায়ী মনিরা বেগমকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তিনি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত থাকবেন এবং গৃহীত সিদ্ধান্তগুলো আইডিআরএকে জানাবেন। তবে সভায় ভোট দেওয়া কিংবা কোনো সিদ্ধান্ত বা মতামত দিতে পারবেন না। সভার কার্যপত্রসহ তাঁকে নিয়মিত আমন্ত্রণ জানাতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বা কোম্পানি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যসহ পাঁচ পরিচালক পরপর তিনটি পর্ষদ সভায় অনুমোদন ছাড়াই অনুপস্থিত ছিলেন। কোম্পানি আইন অনুযায়ী, অনুমোদন ছাড়া পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে পরিচালকের পদ শূন্য হয়। এ ছাড়া উদ্যোক্তা পরিচালকদের বাদ দিয়ে পরিবারের সদস্যদের পর্ষদে যুক্ত করা এবং বিদেশে অবস্থান করে বেআইনিভাবে কোম্পানি পরিচালনার অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

এসব আর্থিক অনিয়ম ও সুশাসন লঙ্ঘনের প্রতিকার চেয়ে গত ৩০ জুন কোম্পানিটির পাঁচ উদ্যোক্তা পরিচালক আইডিআরএএর কাছে অভিযোগ করেন এবং হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট ২৬ অক্টোবরের মধ্যে অভিযোগগুলো নিষ্পত্তি করে প্রতিবেদন জমা দিতে আইডিআরএকে নির্দেশ দেন। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার দুই দিন পর, গত ২৮ অক্টোবর কোম্পানিটির পর্ষদে পর্যবেক্ষক নিয়োগের পদক্ষেপ নেয় আইডিআরএ।


   আরও সংবাদ