চলমান করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি বাড়তে থাকায় অনির্দিষ্ট সময়ের জন্য সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।
এর ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন কোনো ধরনের নিয়োগের এমসিকিউ, লিখিত বা মৌখিক পরীক্ষা নেয়া যাবে না।
আজিজুল হক জানান, পরবর্তী সময়ে স্বল্প সময়ের নোটিশে পরীক্ষার্থীরা যেন স্থগিত করা পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে দেশে নতুন করে মহামারীর প্রকোপ বাড়ছে। চলতি মাসে সংক্রমণ বাড়তে শুরু করলে সরকার মহামারী রোধে নতুন করে বিধিনিষেধ জারি করেছে। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিনে আরো কিছু নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।