ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩৩, ২২ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

গাজীপুরে পুলিশের ৩ মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০



গাজীপুরে পুলিশের ৩ মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গড়ে ওঠা আন্দোলনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দায়ের করা এসব মামলায় অজ্ঞাতনামা অন্তত চার হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশ বাদী হয়ে দুটি এবং জিএমপি একটি মামলা দায়ের করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্পাঞ্চল-২ (গাজীপুর) পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মজুরির দাবিতে টানা কয়েক দিনের টানা বিক্ষোভে ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান রুট ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে। রোববার থেকে শুরু হওয়া এই অসন্তোষ সোমবার তীব্র আকার ধারণ করে। শ্রমিকেরা গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের মহাসড়ক অবরুদ্ধ করে রাখলে দেশের দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সোমবারেও কালিয়াকৈরের শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ী ও সালনা এলাকার পোশাক কারখানাগুলোর শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। আন্দোলন চলাকালে বিক্ষোভকারীরা একাধিক যানবাহনে আগুন দেয় এবং কোনো কোনো স্থানে সড়ক অবরোধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় কোনাবাড়ীর একটি পুলিশ বক্সে আগুন দেওয়া ছাড়াও পল্লী বিদ্যুৎ এলাকাসহ একাধিক স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়ক ফাঁকা করার পর যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।


   আরও সংবাদ