বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি জানান, মঙ্গলবার সকাল আটটার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। এ ঘটনা ছাড়া গাজীপুরের কোথাও মহাসড়ক অবরোধের কোনো ঘটনা ঘটেনি।
এ ছাড়া নতুন করে ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ কারখানা খোলার তথ্যও জানিয়েছেন তিনি। তবে কী পরিমাণ বন্ধ কারখানা খুলেছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি।