দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি চূড়ান্ত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে সমঝোতা চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ভিত্তিতে টার্মিনালটি চালুর উদ্যোগ নেয় এবং চলতি বছরের ডিসেম্বরেই উদ্বোধনের রোডম্যাপ ঘোষণা করে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধন করা হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে তৃতীয় টার্মিনাল-সংক্রান্ত কনসেশন চুক্তি স্বাক্ষরের বিস্তারিত তথ্য তুলে ধরবে বেবিচক। পরদিন সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার ৬১০ কোটি টাকা ধরা হলেও পরবর্তী সময়ে সংশোধিত ও অন্যান্য কাজ যুক্ত হয়ে খরচ বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে সফট উদ্বোধন করা হয়। এরপর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও জাপানের সঙ্গে আলোচনা চূড়ান্ত না হওয়ায় এটি চালু করা যায়নি।
বহুল আলোচিত এই টার্মিনালের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। পাঁচ লাখ ৪২ হাজার বর্গমিটারের তৃতীয় টার্মিনাল যুক্ত হলে বছরে দুই কোটি পর্যন্ত যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।
টার্মিনালটিতে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। ১৬টি রেগুলার ব্যাগেজ বেল্ট ও অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য আরও চারটি পৃথক বেল্টসহ অত্যাধুনিক সব সুবিধা থাকছে নতুন এ টার্মিনালে। দীর্ঘপথ হাঁটতে অপারগ যাত্রীদের সুবিধার্থে সিঙ্গাপুর ও ব্যাংককের মতো অত্যাধুনিক বিমানবন্দরের আদলে এখানে একাধিক স্ট্রেইট এক্সকেলেটর থাকছে।
যাত্রীদের ব্যাগের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতো তিনটি আলাদা স্টোরেজ এরিয়া রাখা হয়েছে। এগুলো হলো—রেগুলার ব্যাগেজ স্টোরেজ, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং অতিরিক্ত ওজনের ব্যাগেজ স্টোরেজ।
টার্মিনালের প্রতিটি ওয়াশরুমের সামনে একটি করে বেবি কেয়ার লাউঞ্জ থাকছে। এর ভেতর মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা এবং বড় পরিসরের ফ্যামিলি বাথরুম করা হয়েছে। পাশাপাশি শিশুদের স্লিপার ও দোলনাসহ একটি চিলড্রেন প্লে এরিয়াও রাখা হয়েছে। এ ছাড়া হেলথ ইন্সপেকশন রুম, ফার্স্ট-এইড রুম, বিভিন্ন রোগের টেস্টিং সেন্টার ও আইসোলেশন এরিয়াও নির্মাণ করা হয়েছে।
নতুন টার্মিনালে ১০টি সেলফ চেক-ইন কিওস্ক থাকছে। পাসপোর্ট ও টিকিটের তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস ও সিট নম্বর আসবে। নির্ধারিত স্থানে লাগেজ রাখলে তা স্বয়ংক্রিয়ভাবে উড়োজাহাজের নির্ধারিত স্থানে চলে যাবে। তবে ৩০ কেজির বেশি ওজনের ব্যাগেজ নিয়ে এ ব্যবস্থায় চেক-ইন করা যাবে না। যাত্রীদের সেবায় আরও ১০০টি চেক-ইন কাউন্টার থাকছে। পাশাপাশি যাত্রীদের অবসর কাটানোর জন্য শিগগিরই মুভি লাউঞ্জ ও এয়ারলাইন্স লাউঞ্জ চালুর কাজ চলছে; এ দুটি বাদে অন্যান্য স্থাপনা এরই মধ্যে বসানো হয়েছে।