বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২৬টি হামলা চালিয়েছে দেশটির সরকারি সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
এক্সবার্তায় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের কয়েকটি প্রদেশের বিভিন্ন এলাকায় হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২৬টি আঘাত হানা হয়েছে। এতে অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত ও আহত হয়েছেন।
কর্নেল আল-নুজাইলি আরও বলেন, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ২৩টি বিমান হামলা, ৬৪২টি আর্টিলারি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা পরিচালনা করা হয়েছে। এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদিভিত্তিক দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বেশ কয়েকটি ফ্রন্টে তীব্র লড়াই চলছে। সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে আসা শক্তিশালী দলগুলোকে লক্ষ্য করে এসব অভিযান চালিয়েছে।
ইয়েমেনে সাম্প্রতিক সময়ে লড়াই তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হলো। সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে তাদের সামরিক কার্যক্রম জোরদার করেছে; অন্যদিকে হুথিরাও সৌদি আরবের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ দাবি করেছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। তবে এ ঘটনার সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আলজাজিরা