ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩, ১৮ জ্বমাদিউল সানি ১৪৪৮

নতুন মজুরিতে খুশি শ্রমিকরা, খুলেছে বন্ধ কারখানা



নতুন মজুরিতে খুশি শ্রমিকরা, খুলেছে বন্ধ কারখানা

মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় এক মাসব্যাপী চলা আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এতে কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। পাশাপাশি বন্ধ থাকা কারখানাগুলোও আজ থেকে খুলে দেওয়া হয়েছে।

সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে দেখা গেছে, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা দল বেঁধে কাজে যোগ দিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। এ সময় শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল এবং বিক্ষোভের জেরে প্রতিদিন অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে কাজে ফিরেছেন শ্রমিকরা।

সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও কোনো আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, ‘নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা আনন্দের সঙ্গে কাজ করব।’

পোশাক শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, ‘আগে যে বেতন পেতাম তা দিয়ে মাসের খরচ চলত না। বাড়ি ভাড়া ও বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি। তবে নতুন মজুরিতে এখন আমরা খুশি, আমাদের আর কষ্ট হবে না।’

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, ‘আন্দোলন থেকে বেরিয়ে এসে শ্রমিকরা আনন্দের সঙ্গে কারখানায় যোগ দিয়েছেন। এখন এলাকায় অনেক স্বস্তি ফিরেছে। কারখানা ভালো চললে মালিক-শ্রমিক সবাই ভালো থাকবে এবং দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে।’

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘আশা করি আজ থেকে শ্রমিকরা আর আন্দোলনে যাবেন না এবং কাজে মনোনিবেশ করবেন। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।’


   আরও সংবাদ