ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩, ১৮ জ্বমাদিউল সানি ১৪৪৮

মিস ইউনিভার্সের দুই পর্বে সেরা বাংলাদেশের মাহি



মিস ইউনিভার্সের দুই পর্বে সেরা বাংলাদেশের মাহি

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে সেরা ৩০-এ জায়গা না পেলেও মিস ইউনিভার্সের ৭৫তম আসরে দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের সামিরা খান মাহি। সুইমস্যুট ও ইভনিং গাউন—এই দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন তিনি।

প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে শুরু থেকেই ব্যতিক্রমী উপস্থাপনার কারণে আলোচনায় ছিলেন মাহি। অন্য প্রতিযোগীদের মতো বিকিনি না বেছে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হয়েছিলেন তিনি, যার পেছনে ছিল ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়। তার এই ভিন্নধর্মী সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়। এবার সেই পর্বে দর্শকদের ভোটেও সাফল্য পেলেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের কথা জানান মাহি। সেখানে তিনি লেখেন, ‘৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ।’ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের প্রতিটি মানুষের বলে উল্লেখ করেন তিনি।

আরেক পোস্টে মাহি জানান, মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে তিনি কৃতজ্ঞ। পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া, উৎসাহ ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলেও জানান তিনি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে মাহি লেখেন, এই ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মূল প্রতিযোগিতায় মুকুটের লড়াই থেকে ছিটকে গেলেও দর্শকদের ভোটে পাওয়া এই স্বীকৃতি মাহির যাত্রায় যোগ করেছে নতুন পালক। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টের শেষে তিনি লিখেছেন, “ভালোবাসি বাংলাদেশ।”


   আরও সংবাদ