ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির আরব রাজনৈতিক দল রা’আম।
শনিবার রাতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির প্রধান মনসুর আব্বাস এ কথা জানান। এর মধ্য দিয়ে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘ইয়াশার পার্টির’ জোটে যোগ দেওয়ার প্রধান বাধা কাটাল দলটি।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সাক্ষাৎকারে মনসুর আব্বাস সরাসরি নিজ মুখে হামাসকে সন্ত্রাসী ঘোষণা না করলেও দলের অবস্থান স্পষ্ট করেছেন।
তিনি বলেন, গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্টে (নেসেট) হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার একটি বিলে রা’আম সহ-প্রস্তাবক (কো-স্পন্সর) ছিল এবং তিনি নিজেও বিলের পক্ষে ভোট দিয়েছেন। এর মাধ্যমে দলীয়ভাবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
মনসুর আব্বাস জানান, আইজেনকোট তার জোটে যোগ দেওয়ার জন্য যে চারটি শর্ত দিয়েছিলেন, রা’আম সেগুলো পূরণ করেছে। শর্তগুলো হলো— ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাপত্রকে সম্মান জানানো, সব নাগরিকের জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা সমর্থন করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আর মাত্র আট দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যেই তিনি জোট সরকার গঠন করতে চান।
নতুন সরকার গঠনে নিজ জোটের ৪৮টি আসনের পাশাপাশি অতি-রক্ষণশীল হারেদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং আরব দল রা’আমের সমর্থন নেবেন আইজেনকোট।
অন্যদিকে, আরব দলগুলোর অপর জোট ‘জয়েন্ট লিস্ট’ সরাসরি সরকারে যোগ না দিলেও বাইরে থেকে সমর্থন দিয়ে সরকারের পতন ঠেকাতে ‘নিরাপত্তা বলয়’ হিসেবে কাজ করবে বলে জানা গেছে।