বর্ষায় ইলিশের মৌসুম শেষ হতেই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা। শীতের রোদে সাগরপাড়জুড়ে শুকানো হচ্ছে ছোট-বড় নানা আকারের চিংড়ি।
আহরণ, শুকানো, বাছাই ও বাজারজাতকরণ মিলিয়ে শীত মৌসুমে উপকূলের মানুষের জীবিকা ও স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে চিংড়ি শুঁটকি।
শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্যার ঘাট থেকে বার আউলিয়া ঘাট পর্যন্ত উপকূলীয় এলাকায় দেখা যায়, বেড়িবাঁধের নিচে বিস্তীর্ণ সাগরপাড়জুড়ে শুঁটকি তৈরির কর্মযজ্ঞ চলছে।
সাগর থেকে মাছবোঝাই নৌকা ঘাটে ভিড়ছে। সেখান থেকে নামানো হচ্ছে বিভিন্ন আকারের চিংড়ি। কেউ সেগুলো রোদে ছড়িয়ে দিচ্ছেন, কেউ নাড়িয়ে দিচ্ছেন, আবার কেউ আকার অনুযায়ী বাছাই করছেন।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, শীত মৌসুমের শুরু থেকেই গহিরা উপকূলে চিংড়ি শুঁটকি তৈরি শুরু হয়। প্রতিদিন কমপক্ষে ৪০ থেকে ৫০ মণ কাঁচা চিংড়ি রোদে শুকানো হয়। সকালে শুকাতে দিলে তিন থেকে চার ঘণ্টার মধ্যেই তা বিক্রির উপযোগী শুঁটকিতে পরিণত হয়।
পরে বড়, মাঝারি ও ছোট—এই তিন আকারে চিংড়ি বাছাই করা হয়। তবে শুকানোর কাজের গতি রোদ ও আবহাওয়ার ওপর নির্ভর করে।
এই মৌসুমি উৎপাদনকে কেন্দ্র করে গহিরা উপকূলে আলাদা করে কর্মসংস্থান তৈরি হয়। শুকানো, বাছাই ও প্রক্রিয়াজাতকরণের কাজে কমপক্ষে ২০০ থেকে ৩০০ শ্রমিক যুক্ত রয়েছেন। ইলিশের মৌসুম শেষে কাজ শুরু হওয়ায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শ্রমজীবী মানুষের হাতে নতুন আয় আসে।
শুঁটকি মাঝি বেলাল উদ্দীন বলেন, “ইলিশের মৌসুম শেষ হলে আমাদের কাজের ধরন বদলে যায়। শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চিংড়ি শুঁটকি তৈরির কাজ শুরু করি। সাগর থেকে নৌকায় করে বিভিন্ন আকারের চিংড়ি নিয়ে আসা হয়। সকালে রোদে শুকাতে দিলে বিকেলের মধ্যেই শুঁটকি হয়ে যায়।”
বেলাল জানান, তার এখানে শুকানোর কাজে ২৩ জন শ্রমিক কাজ করছেন। কাজটি তুলনামূলক সহজ হওয়ায় বিভিন্ন বয়সী মানুষ এতে যুক্ত হতে পারেন। শুঁটকি বিক্রির আয় দিয়ে তাদের সংসার চলে।
জেলেরা জানান, চিংড়ির আকার ও মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। বর্তমানে বড় আকারের চিংড়ি শুঁটকি প্রতি কেজি প্রায় ৬০০ টাকা, মাঝারি ৪০০ টাকা এবং ছোট আকারেরটি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মান ও বাজার পরিস্থিতি অনুযায়ী দামের তারতম্য হয়।
উপকূলের মাছের কারবারি হেমন্ত জলদাশ বলেন, “আমরা গহিরার মানুষ মাছের কারবার করি সারা বছর। এই শীত মৌসুমে গহিরায় চিংড়ি শুঁটকির ব্যবসা বেশ জমে ওঠে। প্রতিদিন জেলেদের কাছ থেকে বিভিন্ন আকারের চিংড়ি সংগ্রহ করে শুঁটকি তৈরি করা হয়। পরে এসব শুঁটকি আসাদগঞ্জসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উৎপাদিত চিংড়ি শুঁটকির চাহিদা স্থানীয় বাজারের পাশাপাশি চট্টগ্রামের পাইকারি বাজার আসাদগঞ্জেও রয়েছে। বিকেল হলেই পাইকারি আড়তদারেরা পিকআপে করে শুঁটকি নিয়ে যান। সেখান থেকে তা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।
আড়তদারদের দাবি, দেশের বাজারের পাশাপাশি গহিরায় উৎপাদিত চিংড়ি শুঁটকি বিদেশেও রপ্তানি হচ্ছে। এক দিনের মধ্যেই রোদে শুকিয়ে তৈরি করা হয় বলে এতে কোনো রাসায়নিক মেশানো হয় না।
তবে জেলে ও নৌকার মালিকদের ভাষ্য, এই মৌসুমি অর্থনীতির সঙ্গে কিছু অনিশ্চয়তাও রয়েছে। চিংড়ির প্রাপ্যতা, সাগরের আবহাওয়া ও রোদের ওপর উৎপাদন নির্ভর করে। শীতের শুরুতে হঠাৎ টানা বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ায় কাজ ব্যাহত হলে শ্রমিক ও জেলেদের আয়ে প্রভাব পড়ে। পাশাপাশি উৎপাদন খরচ ও বাজারদরের ওপর লাভ-ক্ষতি নির্ভর করে।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, সামুদ্রিক চিংড়ি আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণ উপকূলীয় জেলেদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে শুঁটকি তৈরিতে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ, রাসায়নিক পরিহার এবং সঠিকভাবে সংরক্ষণে সচেতন থাকতে হবে। মান নিশ্চিত করা গেলে স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও বাড়বে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুনা সাহা বলেন, গহিরা উপকূলে চিংড়ি শুঁটকি উৎপাদন শুধু মৌসুমি পেশা নয়, স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় মৌসুমি অর্থনীতিগুলো জাতীয় অর্থনীতিতেও অবদান রাখে।
রুনা সাহা আরও বলেন, প্রতিদিন ৪০ থেকে ৫০ মণ কাঁচা চিংড়ি প্রক্রিয়াজাত করার মধ্য দিয়ে জেলে, শ্রমিক, পরিবহন ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে অর্থনৈতিক সংযোগ তৈরি হচ্ছে। এ ধরনের মৌসুমি শিল্প পরিকল্পিতভাবে এগোলে কর্মসংস্থান ও আয় বাড়বে। এ জন্য সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন।