শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করলে শনিবার রাত থেকে সেখানে অবস্থান নেওয়া বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ এবং ২০ থেকে ২৫টি মোটরসাইকেল, বিএনপির কয়েকটি তাঁবু ও ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের একপর্যায়ে সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার বাসিন্দা ইব্রাহিম সিপাহী নিহত হন।
সংঘর্ষ ও অবরোধের কারণে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলে সকাল নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়; তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ বা বিএনপির স্থানীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।